
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন দলের উন্নয়ন প্রচার ও প্রচারণার লক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদকে আহবায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন সরদারকে সদস্য সচিব করা হয়।
শনিবার (১৭ জুন) কালকিনি উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক জরুরী সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদকে আহবায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন সরদারকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের কাছে প্রচারের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। এখন থেকে উপজেলা আওয়ামী লীগের সমস্ত দলীয় কর্মকাণ্ড এই কমিটির মাধ্যমেই পরিচালিত হবে।"
এ বিষয়ে নতুন কমিটির সদস্য সচিব মোঃ লোকমান হোসেন সরদার বলেন,"বর্তমান সরকারের উন্নয়ন তথা মাদারীপুর-৩ আসনের যত উন্নয়ন হয়েছে তা প্রচার প্রচারণা করাই আমাদের এই কমিটির লক্ষ্য। মাদারীপুর-৩ আসনের উন্নয়নের রূপকার স্থানীয় সংসদ সদস্য ড.আবদুস সোবহান গোলাপ এই এলাকায় যত উন্নয়ন করেছেন একটি মহল তা অস্বীকার করছে, মিথ্যাচার করছে। এসব উন্নয়ন অস্বীকার করা মানে সরকারের সব উন্নয়নকে অস্বীকার করা। সরকারের উন্নয়নের কথা জনগণের কাছে পৌছে দেয়ার পরিবর্তে তারা সরকারের সব অর্জন নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।"
তিনি আরো বলেন, "যারা আওয়ামীলীগ সরকারের উন্নয়নকে অস্বীকার করে তাদের বিরুদ্ধেই আমাদের এই কমিটি। আগামী ৮ই জুলাই কালকিনি পৌরসভা মাঠে বিশাল এক জনসভার মধ্য দিয়ে এই এলাকার উন্নয়নের প্রচার প্রচারণার মধ্যে দিয়ে এই কমিটি বিভ্রান্তি সৃষ্টিকারীদের সঠিক জবাব দিবে।
এ বিষয়ে কালকিনি উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অধ্যাপিকা তাহমিনা বেগম বলেন, "এ বিষয়ে আমি কিছু জানি না। তবে কেউ যদি এ ধরনের কোন কমিটি করে থাকেন সেটা সম্পূর্ণ অসাংগঠনিক ও অবৈধ। উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন একটি অনুষ্ঠানে বলেছিলেন, বর্তমান সরকারের আমলে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু কালকিনিতে একটি মাত্র ইউনিয়ন ছাড়া অন্য কোন ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া লাগেনি।তিনি সরকারের উন্নয়নকে অস্বীকার করেননি।"
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভজন দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল বাশার, উপজেলা যুবলীগের সভাপতি মনির হাওলাদার,সাধারন সম্পাদক নিজামুল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম, উপজেলা তাঁতীলীগের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রেজাউল ফরাজি, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কবির বেপারী সহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।