‘কঠিন সময়’-এর কথা বলে নেটদুনিয়া থেকে বিরতি নিলেন কাজল
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৩:৫৪ পিএম

সামাজিকমাধ্যম থেকে বিরতি ঘোষণা করলেন কাজল। মুছে দিলেন আগের সব পোস্ট। টুইটার হ্যান্ডল এবং ইনস্টাগ্রামে একটি কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা হরফে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। লিখেছেন, “জীবনের কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি।” এর চেয়ে বেশি কিছু উল্লেখ করেননি অবশ্য। যদিও উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা, “সব ঠিক আছে তো?” কেউ আবার ভাবছেন, পারিবারিক সমস্যা। জল্পনায় মুখর নেটদুনিয়া।

সামাজিকমাধ্যমে বরাবরই সক্রিয় কাজল। দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ভাগ করে নেন সেখানেই। পোস্ট করেন স্বামী অজয় দেবগন, কন্যা নিসা কিংবা পুত্র যুগকে নিয়েও। হঠাৎ সামাজিকমাধ্যম ছেড়ে কাজলের চলে যাওয়ার সিদ্ধান্তে চমকেছেন অনুরাগীরা। কাজলের রহস্যাবৃত পোস্টে কেউ মন্তব্য করেন, “সময় নিন। খারাপ সময় আসে আবার চলেও যায়।” আবার কেউ লিখলেন, “আপনি যথেষ্ট শক্তিশালী। ঝড়ঝাপ্টা সামলে নিতে পারবেন।”

গত সপ্তাহেই নিজের অভিনীত ছবি ‘দুশমন’-এর ২৫ বছর উপলক্ষে পোস্ট করেছিলেন কাজল। তাতে শুভেচ্ছায় ভরিয়েছিলেন সতীর্থরা। ১৯৯২ সালে ‘বেখুদি’ ছবিতে বলিউডে পা রেখেছিলেন বঙ্গতনয়া কাজল। তাঁর পরিবারের সদস্যরাও ছবির জগতের নাম করা তারকা। কাজলের মা তনুজা, মাসি নূতন ইন্ডাস্ট্রির সাড়া ফেলা মুখ। কাজলের বাবা শোমু মুখোপাধ্যায়ও ছিলেন পরিচালক এবং প্রযোজক। কাজলের ছোট বোন তানিশাও অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন।

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী এখন কী ধরনের সমস্যায় আছেন তা স্পষ্ট নয়। তবে হাতে একগুচ্ছ কাজ। আগামী দিনে কাজলকে দেখা যাবে ‘লাস্ট স্টোরিজ ২’ সিরিজে। কাজলের সর্বশেষ অভিনীত ছবি ‘সালাম ভেঙ্কি’।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft