প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ২:১৯ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পেছনে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সালেকুল ইসলাম নামে একজন।
বুধবার (৩১ মে) ভোরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটনহারি এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫), একই এলাকার রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮) এবং মোজাম্মেল হকের ছেলে আলমাস আলী (৫৫)। আহত সালেকুল (৩৫) নিহত আমিন শেখের ভাই।
পুলিশ জানায়, বুধবার ভোরে বোদা থেকে দেবীগঞ্জের উদ্দেশে চারজন একটি মোটরসাইকেলে করে রওয়ানা দেয়। বোদা-দেবীগঞ্জ মহাসড়কের কালুরহাট কাটনহারি এলাকায় এলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছভর্তি একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন তোহিদুল ইসলাম ও আমিন শেখ। এসময় সালেকুল ও আলমাস আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলমাস আলী। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করেছে। তবে এর চালক পালিয়ে গেছে।
জ/আ