প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৮:২৯ পিএম

গোটা জাতি শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাংবাদিকদেরকে তিনি বলেন, ‘কথা বলা, মত প্রকাশের স্বাধীনতা নেই মানুষের। দু:শাসনের মাধ্যমে যারা জোর করে ক্ষমতায় আছে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না।’
মঙ্গলবার (৩০ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির আহবায়ক মো. জিল্লুর রহমানের নামাজে জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির এ কথা বলেন।
দেশের ক্রান্তিলগ্নে জিল্লুর রহমানের মত ত্যাগী নেতার চলে যাওয়া দলের জন্য অপূরণীয় ক্ষতি বলেও তিনি উল্লেখ করেন।
পৌর এলাকার টেংকের পাড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, খালেদা জিয়ার উপদেষ্টা এ. কে. এম একরামুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপির নেতা-কর্মীরা জিল্লুর রহমানের কফিনে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানান। পরে পৌর এলাকার শেরপুর কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন করা হয়।
সোমবার (২৯ মে) সন্ধ্যায় পৌনে ৭টার দিকে জেল রোডের দি ল্যাব এইড স্পেশাইজড হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন জিল্লুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, রাজনৈতিককর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
-জ/অ