বোদা-দেবীগঞ্জ মহাসড়ক যেন ধান শুকানোর চাতাল!
পঞ্চগড় (দেবীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৮:০৪ পিএম

পঞ্চগড়ের বোদা-দেবীগঞ্জ মহাসড়ক (এশিয়ান হাইওয়ে) যেন ধান শুকানোর চাতালে পরিণত হয়েছে। মহাসড়কের প্রায় ২৬ কিলোমিটার অংশের অধিকাংশ জায়গা জুড়ে ধান শুকানোয় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় লোকজন। 

এরফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, বাড়ছে সড়ক দুর্ঘটনা। অথচ এই মহাসড়কটি অত্যন্ত ব্যস্ততম সড়ক। প্রতিদিন সহস্রাধিক বাস, মালবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল করে এই মহাসড়ক দিয়ে। 

উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের যোগাযোগের অন্যতম মহাসড়ক এটি। প্রতিদিন এই সড়ক দিয়েই পঞ্চগড় ছাড়াও ভারত ও নেপালের আমদানিকৃত বিভিন্ন পাথর বোঝাই ট্রাক এবং সারাদেশের সঙ্গে যাত্রীবাহী বাস চলাচল করে।

শনিবার (২০ মে) দুপুরে দেবীগঞ্জ থেকে বোদা বাইপাস পর্যন্ত গিয়ে দেখা যায়,  মহাসড়কের উপর ধান শুকানো হচ্ছে, এতে মহাসড়কের অধিকাংশ জায়গা সংকুচিত হয়ে গেছে। 

একজন মোটরসাইকেল আরোহী চলার পথে একটি ট্রাক বা বাস অতিক্রম করতে গেলেই দুর্ঘটনায় পড়ার সমূহ সম্ভবনা আছে। 

এ অবস্থায় চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়া মোটরসাইকেল আরোহী রহিমুল ইসলাম বলেন, 'আজকে আমি একটি ট্রাক অতিক্রম করার সময় ধানের উপর স্লিপ করে পড়ে যাই, এতে আমার হাত ও পায়ে আঘাত লাগে এবং মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়'।

প্রতিবেদক এ বিষয়ে জসিম নামক একজন ট্রাক চালকের মতামত জানতে চাইলে চালক বলেন, এশিয়ান হাইওয়ের মতো একটি ব্যস্ততম সড়কে ধান শুকানোর ফলে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে।

দেবীগঞ্জ উপজেলার কালুরহাট অংশে ধান শুকানোর কাজে ব্যস্ত ফজলু ও রহিমা নামের দুজন জানায়, তারা বুঝতে পারছেন এটা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু তাদেরও বিকল্প উপায় নেই। মহাসড়কে খুব অল্প সময়েই ধান শুকানো হয়ে যায়।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস বলেন, 'মহাসড়কে ধান শুকানো ঠিক নয়, এতে দূর্ঘটনা বাড়তে পারে। স্থানীয়দের সাথে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নিবো, প্রয়োজনে মাইকিং করে সচেতনতা বাড়ানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft