রিকশাচালককে মারধর: সেই আইনজীবীকে সাময়িক বহিষ্কার
প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ৯:৩৯ পিএম

যশোরে রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় সেই নারী আইনজীবীকে সাত দিনের সাময়িক বহিষ্কার করেছে জেলা আইনজীবী সমিতি। 

অভিযুক্ত আইনজীবী আরতী রানী ঘোষের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় রোববার (১৪ মে) সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। 

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আরতী রানীর শোকজের জবাব সন্তোষজনক হয়নি। 

শোকজের জবাবে তিনি বলেছেন- ওই রিকশাচালক প্রথমে তাকে আঘাত করেছেন। এতে তিনি মারাত্মক ব্যথা পান ও তার শরীরে জখম হয়। পরে রাগান্বিত হয়ে তিনি রিকশাচালককে মারপিট করেছেন। 

আবু মোর্তজা আরও বলেন, আরতী রানী তার জবাবের সঙ্গে মেডিকেল সার্টিফিকেট, ক্ষতস্থানের চিহ্নের ছবি ও হাসপাতালে ভর্তি থাকার প্রমাণপত্র উপস্থাপন করেছেন। তিনি এ ধরনের কাজ আর কখনোই করবেন না অঙ্গীকার করে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। 

তিনি বলেন, আমরা অধিক নমনীয় হয়ে আপাতত সাতদিন সাময়িক বহিষ্কার করেছি। তাকে (আরতী) নির্দেশ দিয়েছি আগামী সাতদিন পর আবার জবাব দাখিল করতে। সেই জবাব সন্তোষজনক না হলে আমরা বার কাউন্সিল বরাবর তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করাব। 

প্রসঙ্গত, গত ৭ মে দুপুরে যশোর আদালতের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এক রিকশাচালককে মারধরের অভিযোগ ওঠে আইনজীবী আরতী রানী ঘোষের বিরুদ্ধে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ঘটনায় অভিযুক্ত আইনজীবী আরতী রানী ঘোষের শাস্তির দাবিতে মানববন্ধন করে জেলা ভ্যানরিকশা শ্রমিক লীগ। এরপর অভিযুক্ত আরতী রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দেয় যশোর জেলা আইনজীবী সমিতি।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  যশোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft