প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৩:২৯ পিএম

জামালপুরের মাদারগঞ্জে ট্রাক দিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার ধাওয়ায় ট্রাক থেকে পালিয়ে যাওয়ার সময় টিন দিয়ে পা কেটে অতিরিক্ত রক্তক্ষরণে এক অজ্ঞাত চোরের মৃত্যু হয়েছে।
এছাড়াও মুকুল (৩১) নামে অপর আরেক চোর (ট্রাক চালক) জনতার হাতে গণধোলাই খেয়ে গুরুতর আহত হয়েছেন।
তাকে জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চুরি হওয়া দুই গরু সহ চুরির কাজে ব্যবহার করা ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।
জানা গেছে, গেল রাত আনুমানিক ৩ টার সময় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার মৃত ইস্কান্দারের ছেলে শ্যামলের ২টি গরু চুরি হয়।
পরে গরুর মালিক শ্যামল ডাক চিৎকার করতে থাকেন। তার ডাক চিৎকারে মহিষবাথান উত্তরপাড়া এলাকার জনতা ট্রাক আটকেরর চেষ্টা করে।
এসময় অজ্ঞাত এক চোর ট্রাক থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় টিনে পা কেটে গুরুতর আহত হয়। ট্রাকচালক মুকুল ( ৩১) কে গণধোলাই দিলে গুরুতর আহত হয়।
খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ২ চোরকে আটক করে জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত চোরকে মৃত ঘোষণা করেন।
আহত চোর ( ট্রাক চালক) চিকিৎসাধীন রয়েছেন। সে রাজশাহীর তানোর উপজেলার নবনব গ্রামের জব্বার আলী ছেলে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আহত ২ চোরকে আটকসহ চুরি হওয়া গরু ও চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে থানায় আসি।
পরে আহত দুই চোরকে চিকিৎসার জন্য জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত চোরকে মৃত ঘোষণা করেন।
মাহবুবুল হক আরো বলেন, জনতা ট্রাকটিকে আটকের সময় অজ্ঞাত চোর পালানোর সময় টিন দিয়ে তার পা কেটে যায় এতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।