প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৩:০৯ পিএম আপডেট: ১২.০৫.২০২৩ ৩:১০ পিএম

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে মোনায়েম ইসলাম শুভ্র (১৯) নামে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)'র এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) বিকেলে সদর উপজেলার কুলপদ্দি এলাকায় বন্ধুরা মিলে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শুভ্র। শুক্রবার সকালে নদী হতে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থী মোনায়েম ইসলাম শুভ্র মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির রেডিওগ্রাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তার দেশের বাড়ি রাজশাহী জেলায়।
ফায়ার সার্ভিস ও সহপাঠীরা জানায়, মোনায়েম ইসলাম শুভ্র দুপুরে বন্ধু তিতাস রায়, তাছিন, বিপ্লব ও সাঈদের সঙ্গে কুলপদ্দি এলাকার আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সাঁতার না জানায় পানিতে ডুবে যায় মোনায়েম। পরে বন্ধু ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও কোন খোঁজ পায়নি তার।
পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গিয়ে উদ্ধার কাজ শুরু করে।শুক্রবার সকালে নদী হতে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, "আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। আমাদের ৬ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে।
তবে গতকাল রাত হয়ে যাওয়ায় আমাদের উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়। পরবর্তীতে শুক্রবার সকালে আবারও উদ্ধার কাজ শুরু করা হলে ঐ শিক্ষার্থীর মৃতদেহ খুঁজে পায় আমাদের ডুবুরিরা।"
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন্ধুদের সাথে গোসল করার সময়ে সাঁতার না জানায় ওই শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।"
জ/আ