কী ভাবে সামলাচ্ছেন একের পর এক নিষেধাজ্ঞা? ফাঁস করলেন অভিনেত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৯:০০ পিএম

গত কয়েক সপ্তাহ ধরে বিতর্কের কেন্দ্রে ‘দ্য কেরালা স্টোরি’। ৫ মে মুক্তি পাওয়ার পরে ছবি নিয়ে চর্চা বেড়েছে। খবরের শিরোনামে উঠে এসেছেন ছবির অভিনেত্রী অদা শর্মা। 

একের পর এক বিতর্ক, নিষেধাজ্ঞার শিকার হয়েও বক্স অফিসে রীতিমতো সফল সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি। ছবির বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি নিজের অভিনয়ের জন্যও প্রশংসিত হয়েছেন অদা শর্মা। এত বিতর্ক, নিষেধাজ্ঞা সামলে কী ভাবে সাফল্য উপভোগ করেন তিনি? নিজের ৩১তম জন্মদিনে সেই গোপন টোটকা সামাজিকমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন অভিনেত্রী।

১১ মে বৃহস্পতিবার ৩১-এ পা দিলেন বলিউড অভিনেত্রী অদা শর্মা। সাম্প্রতিক কালের অন্যতম চর্চিত অভিনেত্রী তিনি। তবে সেই চর্চায় বেশির ভাগটাই বিতর্কের সৌজন্যে। তবে নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি নিজের সাফল্য উপভোগ করছেন অদা। কী ভাবে? উত্তর দিলেন অভিনেত্রী নিজেই। নিজের জন্মদিনে সামাজিকমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন অদা।

ওই ভিডিয়োয় মহাদেবের সামনে বসে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ইনস্টাগ্রামে ওই ভিডিয়ো পোস্ট করে অদা লেখেন, ‘‘আমার এনার্জির নেপথ্যের রহস্য। এই জন্যই আমি যেমন ফুলের তোড়া গ্রহণ করতে পারি, তেমনই হাজার নিষেধাজ্ঞাও সামলে নিতে পারি।’’ ‘দ্য কেরালা স্টোরি’র সাফল্যের জন্য অনুরাগীদের ধন্যবাদও জানান বলিউড অভিনেত্রী।

এখনও পর্যন্ত চলতি বছরের সব থেকে বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। ট্রেলার মুক্তির পর থেকেই একের পর এক বিতর্কে জর্জরিত হয়েছে এই ছবি। বলপূর্বক ধর্মান্তরণ, ইসলামের আগ্রাসন, লাভ জিহাদ সংক্রান্ত বিষয়ের উপর ভিত্তিতে তৈরি এই ছবি নিয়ে তুঙ্গে বিতর্ক। বিতর্কের সেই জল গড়িয়েছে আদালতেও। তবে হাজার বিতর্ক সত্ত্বেও প্রায় অপ্রতিরোধ্য ‘দ্য কেরালা স্টোরি’।

দেশের বক্স অফিস সাফল্যের পরে এ বার আরও ৩৭টি দেশে মুক্তি পেতে চলেছে এই ছবি। বুধবারই সামাজিকমাধ্যমের পাতায় এই সুখবর জানান অভিনেত্রী অদা শর্মা নিজে। বুধবার একটি টুইটে অদা লেখেন, ‘‘আপনাদের সবাইকে ধন্যবাদ যাঁরা এই ছবি দেখছেন, যাঁরা এই ছবি নিয়ে কথা বলছেন, যাঁরা এটাকে ট্রেন্ডিং করেছেন এবং যাঁরা আমার কাজের প্রশংসা করেছেন। 

১২ মে আরও ৩৭টি দেশে মুক্তি পেতে চলেছে এই ছবি।’’ যদিও কোন কোন দেশে মুক্তি পাবে ‘দ্য কেরালা স্টোরি’, তা এখনও খোলসা করেননি বলিউড অভিনেত্রী।


-জ/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft