প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ৪:২১ পিএম

২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আয় হয়েছে প্রায় ২৪ কোটি টাকা। ১৫ মার্চ থেকে শুরু হয়ে তিনটি ইউনিটের জন্য দুই ধাপে এই আবেদন কার্যক্রম চলে ২ মে পর্যন্ত।
প্রাথমিক পর্যায়ে আবেদন থেকে আয় হয়েছে ১ কোটি ২০ লাখ ৬০ হাজার ১৫ টাকা।
অন্যদিকে চূড়ান্ত পর্যায়ের আবেদনে তিনটি ইউনিট থেকে ১০% সার্ভিস চার্জ সহ আয় হয়েছে ২২ কোটি ৮৯ লক্ষ ৬৯ হাজার ৪০০ টাকা।
এরফলে, প্রাথমিক ও চূড়ান্ত—দুই ধাপে আবেদন ফরম বিক্রি করে বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে সর্বমোট ২৪ কোটি ১০ লাখ ২৯ হাজার ৪১৫ টাকা।
অনলাইন সার্ভিস চার্জ ও ব্যাংক পেমেন্ট সার্ভিস চার্জ বাদ দিলে এই আয়ের পরিমাণ ২২ কোটি ২ লাখ ১৪ হাজার ১৫ টাকা। সার্ভিস চার্জ থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের উন্নয়ন ফান্ডে জমা হবে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রাথমিক পর্যায়ে তিনটি ইউনিটে আবেদন জমা হয় ৪ লাখ ১ হাজার ৪১৪টি। একক আবেদন সংখ্যা ছিল ২ লাখ ১৯ হাজার ২৭৩টি।
প্রাথমিক পর্যায়ে আবেদন ফি ধার্য করা হয়েছিল ৫৫ টাকা, সেখানে একজন ভর্তিচ্ছু এই ফি দিয়েই 'এ', 'বি', 'সি',— তিনটি ইউনিটেই আবেদনের সুযোগ পেয়েছিল।
অন্যদিকে, চূড়ান্ত পর্যায়ে 'এ' ইউনিটে ৭২ হাজার ৫০টি, 'বি' ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং 'সি' ইউনিটে জমা পড়ে ৭৫ হাজার ৮৫০টি আবেদন।
১০% সার্ভিস চার্জসহ চূড়ান্ত পর্যায়ে 'এ' ও 'সি' ইউনিটের জন্য আবেদন ফি ধার্য করা হয় ১৩২০ টাকা এবং 'বি' ইউনিটের জন্য ধার্য করা হয় ১১০০ টাকা।