প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ৩:৩৩ পিএম আপডেট: ১০.০৫.২০২৩ ৩:৩৪ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় চাঁদাবাজির অভিযোগে চায়না সিকো কোম্পানির জিসান নামে এক দোভাষীকে আটক করেছে পুলিশ।
পটুয়াখালী ডিবি পুলিশ কুয়াকাটার একটি আবাসিক হোটেলের রিসিপশন কক্ষ থেকে নগদ ৮০ হাজার টাকাসহ তাকে গত সোমবার বিকেলে আটক করে।
আটককৃত দোভাষী জিসান বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালিয়ার আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মহিপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলার বাদি লতাচাপলীর তেল ব্যবসায়ী মহসিন বিশ্বাস ও মামলা সূত্রে জানা যায়, মা এন্টারপ্রাইজ চায়না প্রজেক্টের ৪৮ নং পোল্ডারে কোটেশন দাখিল করে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়ে তেল সরবরাহ করছিলো।
একপর্যায়ে দোভাষী জিসান হাওলাদার তাদের কাছে প্রতি গাড়িতে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে প্রথমে অপারগতা প্রকাশ করলে চায়নাদের ভুল বুঝিয়ে তাদের বিল আটকে দেয়।
নিরুপায় হয়ে বিভিন্ন সময় তেল বিক্রেতা প্রতিষ্ঠানটি জিসানকে ৩ লক্ষ ২০ হাজার টাকা দেয়। এদিকে চাঁদা দিতে বিলম্ব হওয়ায় আবার তাদের বিল আটকে দেয় এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে।
এক পর্যায়ে বিল পেতে তারা চাঁদার টাকা প্রদানের কথা বলে জিসানকে কুয়াকাটার একটি হোটেলে ডেকে নেয়। সেখানে তাকে পুনরায় ৮০ হাজার টাকা প্রদান করে ডিবি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ৮০ হাজার টাকাসহ তাকে হাতে নাতে আটক করে।
এছাড়া আটককৃত দোভাষী জিসানের বিরুদ্ধে কাজ পাইয়ে দেয়া, ঠিকাদারদের কাছ থেকে কমিশন গ্রহণ, অকারণে চায়নাদের ভুল বুঝিয়ে বিভিন্ন শ্রমিকদের চাকরীচ্যুত, বরিশালের প্রভাবশালী নেতাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্নস্থানে প্রভাব বিস্তারের অনেক অভিযোগ রয়েছে।
জ/আ