প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৫:৩১ পিএম

পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেত্রী জামিলা জামিল বলেছেন, যৌনদৃশ্যে আমি স্বাচ্ছন্দ্য নই, আর সেকারণেই নেটফ্লিক্সের সিরিজ ‘ইউ’-এর চতুর্থ সিজনের অডিশন থেকে আমি বের হয়ে আসি।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ‘দ্য গুড প্লেস’ খ্যাত এই তারকা পডক্রাশড পডকাস্টে এমনটাই বলেছেন।
জামিলা জামিল বলেন, ‘নেটফ্লিক্সের সিরিজ ‘ইউ’- চতুর্থ সিজনের জন্য আমার অডিশন দেয়ার কথা ছিল। তবে যখন জানতে পারি এই চরিত্রটি বেশ যৌন আবেদনময়ী, তখনই আমি অডিশন থেকে সরে আসার কথা জানিয়ে দেই। কারণ এধরনের যৌন দৃশ্যে আমি স্বচ্ছন্দ নই।’
যদিও ঠিক কোন দৃশ্যের জন্য তিনি অডিশন দিচ্ছিলেন, তা প্রকাশ্যে আনেননি জামিলা জামিল।
ঠিক কেন যৌন দৃশ্যে তিনি স্বাচ্ছন্দ্য নন, তার অন্যতম কারণ হিসাবে শৈশবের ‘ট্রমা’, শৈশবের যৌন নির্যাতনের কথা সামনে এনেছেন জামিলা জামিল।
অভিনেত্রী কথায়, তার শৈশব ভীষণ কঠিন, নোংরা। শৈশবে তার উপর চলা যৌন নির্যাতনের কথা তিনি ভুলতে পারেননি। সেগুলো থেকে বের হয়ে আসতে পারেননি। আর তারই ফলস্বরূপ তিনি নিজের জন্য এই নিয়ম তৈরি করেছেন। সিদ্ধান্ত নিয়েছেন কখনও কোনো যৌন দৃশ্যে তিনি অভিনয় করবেন না।
অভিনেত্রী জানান, অন্য অভিনেতাদের কাছে যৌনদৃশ্য যেমন, তার কাছে এটা ঠিক তেমন নয়। এমনকি তিনি সিনেমায় কোনো যৌন দৃশ্য থাকলে সেটা দেখেন না, এড়িয়ে যান।
জামিলা জামিল জানান, তিনি ‘ইউ’-এর নির্মাতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যৌন দৃশ্য ছাড়া সিরিজে অন্যকোনো চরিত্রে যদি তাকে প্রয়োজন হয় তাহলে ডাকতে পারেন।
পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্রিটিশ অভিনেত্রী ও মডেল অবশ্য আগেও শৈশবের যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছিলেন।