মাদরাসার শিক্ষককে হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৪:৫৩ পিএম

পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া কামিল মাদরাসার শিক্ষক মাওলানা সাদেক আলী প্রামানিক (৬০) নামের এক মাদরাসা শিক্ষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ পালন করেছেন সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৯ মে) সকালে পুষ্পপাড়া কামিল মাদরাসার সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।  

সেখানে মাদরাসার কামিল বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তৃতা করেন, পুষ্পপাড়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ড. মো: মোখলেছুর রহমান, গভর্নিংবডির সহসভাপতি এনামুল হক, মাদরাসার ফাজিল বিভাগের ছাত্র খাইরুল ইসলাম, সাবেক শিক্ষার্থী সালমান ফার্সি, মো: হুজায়ফা, নিহত সাদেক আলীর মেয়ে সাদিয়া সিদ্দিকা প্রমূখ।

এসময় বক্তারা বলেন, নিহত শিক্ষক সাদেক আলী একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবক ছিলেন। মাদরাসার সকল ছাত্র-ছাত্রীদের তিনি সন্তানের মত করে দেখতেন। কোন ছাত্র-শিক্ষকদের বিপদ হলে তিনি সবার আগে এগিয়ে আসতেন। শুধু তাই নয় অত্র অঞ্চলের কেউ কোন বিপদে পড়লে তিনি সবার আগে সেখানে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। 

এলাকার বিবাদ মিটিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতেন। সবাইকে সঙ্গে নিয়ে তিনি একটি আদর্শ ইউনিয়ন গড়তে চেয়েছিলেন। তার মৃত্যুতে মাদরাসা ও অত্র ইউনিয়নবাসী একজন অভিভাবক হারালো। যেটি কোনভাবেই আমরা মেনে নিতে পারছি না।

বক্তারা আরও বলেন, এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা তার জন্য ঠিকমত মাথাচাড়া দিয়ে উঠতে পারত না। সেজন্য তাকে পুর্ব পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার পিছনে বড় ধরণের কোন ইন্দন রয়েছে। কারণ হত্যার কয়েকদিন পরেই হত্যাকারি রবিউলের ব্যাংক একাউন্টে ১ লাখ ৬০ হাজার  টাকা আসছে। তাহলে এসব টাকা কোন মহল তাকে দিলো?। এসব হত্যাকাণ্ডের ইন্দনদাতাকে খুঁজে বের করতে প্রশাসনের নিকট আহবান জানান। 

উল্লেখ্য, ২৬ এপ্রিল সকালে অভিযুক্ত রবিউলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন মাওলানা সাদেক আলী প্রামাণিক। এসময় পাশের খড়ের পালার মধ্যে লুকানো রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে রবিউল। এসময় স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত (২৮ এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রবিউল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত মাওলানা সাদেক আলী প্রামাণিক গয়েশপুর ইউনিয়নের রথখোলা গ্রামের তোরাব আলী প্রামাণিকের ছেলে ও পাবনার পুষ্পপাড়া কামিল মাদরাসার জীববিজ্ঞানের শিক্ষক। 

 





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft