প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৫:১৫ পিএম

খাদ্য ঘাটতি মেটাতে দিনাজপুরের হাকিমপুরে হিলিতে ব্রি-ধান ৯২ জাতের ধানসহ হাইব্রিড জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ মে) বিকেলে হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পৌরসভার ছাতনী এলাকায় ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত বোরো ধান প্রদর্শনীর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছা:আরজেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শামীম আশরাফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ জাফর ইকবাল, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত,প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমানসহ আরো অনেকে।
মাঠ দিবসে চলতি বোরো মৌসুমে ব্রি-ধান ৯২ জাতের ধান চাষাবাদ করে কৃষকরা ভালো ফলন পাওয়ায় অন্য কৃষকদের এই ধান চাষের পরামর্শ প্রদান করা হয়। এ ছাড়া ব্রিধান ৭৪ সহ অন্যান্য হাইব্রিড জাতের ধান যেগুলো ভালো ফলন হচ্ছে সাথে আসন্ন আমন মৌসুমে কোন জাতের ধান চাষাবাদ করা ভালো হবে সে সম্পর্কে কৃষকদের অবহিত করা হচ্ছে।