প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ১২:০১ পিএম

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আগুন লেগে তিন কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-উপজেলার ছুটফা গ্রামের শোকর শেখের ছেলে জামি শেখ (১৭), শুকুর সরদারের ছেলে হাসান সরদার (১৮) এবং ডবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬)।
স্থানীয়দের বরাতে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার স.ম আরিফুল হক জানান, জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে করে তিন কিশোর তাদের গ্রামের বাড়িতে ফিরছিল।
সোনাশুর এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই জামি শেখ নিহত হয়।
এই কর্মকর্তা আরও জানান, গুরুতর আহত হাসান ও তাজিমকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তাদের মৃত্যু হয়।
জ/আ