প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৯:৩২ পিএম

রৌমারী উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৭৬ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারাবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে খাটিয়ামারি গ্রামের রফিয়াল হকের ছেলে মাদক ব্যবসায়ী গোলজার হোসেন (২৩) ও পার্শ্ববর্তী নওদাপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে মাসুদ রানা (২১)কে আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ফুলবাড়ী ঈদঁগাহ মাঠ সংলগ্ন এলাকায় রৌমারী থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় রাস্তাতে ব্যাটারিচালিত ইজিবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিং করে রাখা মাদক পরিবহনের সময় ৭৬ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গোলজার হোসেন ও মাসুদ রানাকে আটক করা হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।