প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৮:৪৫ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে দাখিল পরীক্ষায় বদলি (প্রক্সি) দিতে এসে মশিউর রহমান (১৮) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওই পরীক্ষার্থীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে পরীক্ষা চলাকালে দুপুর ১২ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালি দারুল উলুম সিনিয়র মাদ্রাসা কেন্দ্র থেকে ওই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত ভুয়া পরীক্ষার্থী মশিউর রহমান উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালি দারুল উলুম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে সাধারণ গণিত বিষয়ে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে মশিউর রহমান নামের ওই ভুয়া পরীক্ষার্থী উত্তর শ্রীপুর আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী সৈকত মিয়ার পরিবর্তে পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষায় অন্যজনের পরিবর্তে প্রক্সি দেয়ার বিষয়টি জানতে পেরে কেন্দ্র সচিব তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। একইসঙ্গে ভুয়া পরীক্ষার্থী মশিউর রহমানকে আটক করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রক্সি পরীক্ষা দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় ভুয়া পরীক্ষার্থী মশিউর রহমানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, 'অন্যের পরিবর্তে প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় মশিউর রহমান নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ভুয়া পরীক্ষার্থীকে ৫ হাজার টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জ/আ