প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৪:৩৭ পিএম আপডেট: ২৮.০৪.২০২৩ ৪:৩৮ পিএম

আইপিএলের চলতি আসরে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন টাইগার উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে এবারের আইপিএলে অংশ নেননি সাকিব আল হাসান। তবে একই দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গিয়েছিলেন লিটন দাস। কিন্তু মাত্র এক ম্যাচ খেলেই আবার দেশে ফিরছেন তারকা এই ওপেনার। খবর আনন্দবাজার পত্রিকার।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে যদিও আইপিএল অভিষেকটা সুখকর হয়নি। একটি সূত্র থেকে জানা গেছে, পারিবারিক কারণে আজ (শুক্রবার ২৮ এপ্রিল) ঢাকায় এসেছেন লিটন।
আইপিএলের শুরু থেকে খেলতে পারেননি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় যোগ দিতে হয়েছে বেশ কিছুদিন পর। তবে কলকাতা শিবিরে যোগ দেওয়ার পর পাঁচ ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন মোটে এক ম্যাচে। অভিষেক ম্যাচের অভিজ্ঞতাও সুখকর হয়নি টাইগার ব্যাটারের। ব্যাটিং ব্যর্থতার দিনে বাজে উইকেটকিপিংয়ে কেকেআর সমর্থকদের তোপের মুখে পড়েন তিনি।
ওই ম্যাচের পরই লিটনের চলতি আইপিএল অধ্যায়ের ইতি টেনেছেন অনেকেই। অবশ্য খুব বেশি খেলার সুযোগও পেতেন না। আগামী ৫ মে ইংল্যান্ডের চোমসফোর্ডে যোগ দেওয়ার কথা ছিল লিটনের। তার আগেই আজ দেশে ফিরে আসছেন লিটন। এবারের মতো শেষ হলো লিটনের আইপিএল যাত্রা।
এদিকে, পারিবারিক কারণ বলা হলেও তড়িঘড়ি করে দেশে ফেরার পেছনে নির্দিষ্ট কিছু জানা যায়নি।
এর আগে, লিটনের অনাপত্তিপত্র নেওয়া ছিল ২ মে পর্যন্ত পরবর্তীতে আরো ২ দিন তিনি ছুটি বাড়িয়ে নেন। তবে সেই নিদিষ্ট সময়ের আগেই দেশে ফিরছেন তিনি। এবারের আসরে ব্যাট হাতে কেবল এক ম্যাচেই মাঠে নামেন লিটন। সেদিন অবশ্য করেছিলেন মোটে ৪ রান। অবশ্য সেদিন উইকেটের পেছনে মিস করেছিলেন ২টি সহজ স্ট্যাম্পিং করার সুযোগ। এরপর আর মাঠে নামা হয়নি তারকা এই ব্যাটারের।
-জ/অ