প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ১১:৪৭ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় বাসের ধাক্কায় সাব্বির খান (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই যুবকের বন্ধু মোটরসাইকেল আরোহী রাজিব (২৪)।
বুধবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
সাব্বিরের বন্ধু ফারহান সাদিক নিঝুম জানান, রাতে তারা ৪টি মোটরসাইকেল নিয়ে ৮ থেকে ১০ জন বন্ধু পুরান ঢাকার নাজিরাবাজারে যান। সেখানে খাওয়া শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যান। এরপর রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী এলাকার বাসায় ফিরছিলেন। সাব্বিরের মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন রাজিব।
কিন্তু মেয়র হানিফ ফ্লাইওভারের ঢাল থেকে নেমে কুতুবখালী টোলপ্লাজায় ঢোকার সময় একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। মুহূর্তেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাব্বির। আহত হন রাজিব। দুজনকেই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় রাজিবকে।
নিঝুম আরও জানান, সাব্বিরের বাবার নাম নাজিম উদ্দিন খান। তারা থাকেন যাত্রাবাড়ী মাতুয়াইল দক্ষিণপাড়া বটগাছিয়া বাড়ি এলাকায়। সাব্বির কনস্ট্রাকশনের মালামাল সরবরাহের ব্যবসা করতেন।
যাত্রাবাড়ী থানার এসআই মো. আসাদুজ্জামান জানান, মধ্যরাতে কুতুবখালী টোলপ্লাজায় বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
-জ/অ