লারা-শচিনকে বিরল সম্মান জানাল অস্ট্রেলিয়া
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ২:০২ পিএম

শচিন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে অন্যরকম শ্রদ্ধা জানাল অস্ট্রেলিয়া। দুই কিংবদন্তির যদিও তাদের দেশের কেউ নন। তবুও তাদের কৃতিত্বকে স্বীকৃতি জানালেন অস্ট্রেলিয়া। 

সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি) ব্রায়ান লারা ও টেন্ডুলকারের জন্য অন্যরকম বিনোদনের জায়গা। এই মাঠ নিজ তুলিতে রাঙিয়েছেন তারা। দুজনেরই রয়েছে স্মরণীয় কিছু পারফরম্যান্স। 

এবার এই মাঠও সেই ভালোবাসা কিছুটা ফিরিয়ে দিল ব্রায়ান লারা ও শচিন টেন্ডুলকারকে। 

লারা ও টেন্ডুলকারের নামে নামকরণ করা হলো এসসিজির কয়েকটি ফটকের। সফরকারী দলের ড্রেসিং রুমের পাশের মেম্বার্স প্যাভিলিয়ন থেকে নোবল-ব্র্যাডম্যান-ম্যাসেঞ্জার স্ট্যান্ডের মাঝামাঝি ফটকগুলোর নাম এখন থেকে ‘ব্রায়ান লারা-শচিন টেন্ডুলকার গেটস।’

ফটকগুলোর নতুন নামকরণের জন্য বেছে নেওয়া হয় সোমবার (২৪ এপ্রিল) টেন্ডুলকারের ৫০তম জন্মদিনকে। এই লারার সেই চিরস্মরণীয় ২৭৭ রানের ইনিংসটির ৩০ বছর পূর্তিও হলো এ বছরই।

১১১ টেস্ট ও ১৬০ ওয়ানডের স্বাক্ষী এই মাঠের অন্য ফটকগুলির নামকরণ করা হয়েছে স্যার ডন ব্র্যাডম্যান, অ্যালান ডেভিডসন ও আর্থার মরিসের নামে। তারা সবাই নিউ সাউথ ওয়েলস ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি। লারা ও টেন্ডুলকারই এখানে ব্যতিক্রম। তাদের নামে নামকরণ হওয়া ফটকগুলি দিয়েই মাঠে প্রবেশ করবেন সফরকারী দলের ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ান না হলেও অস্ট্রেলিয়ায় তুমুল জনপ্রিয় লারা ও টেন্ডুলকার। রেকর্ড-অর্জন আর ব্যাটসম্যানশিপ দিয়ে তারা আসলে দেশ-দলের সীমানাও ছাড়িয়ে গেছেন অনেক আগে। তবে সিডনিতে তাদেরকে সম্মানিত করার মূল কারণ এই মাঠে তাদের পারফরম্যান্স।

ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি এই মাঠেই করেছিলেন লারা। ১৯৯৩ সালের জানুয়ারিতে সেই ইনিংসকে টেনে নিয়েছিলেন তিনি ২৭৭ রান পর্যন্ত। ট্রিপল সেঞ্চুরির কাছে গিয়ে তিনি রান আউট হয়ে যান। তবে সিডনি ক্রিকেট গ্রাউন্ড তার হৃদয়ে জায়গা পেয়ে যায়। পরে লারা নিজের প্রথম সন্তানের নাম রাখেন ‘সিডনি।’

এই মাঠে লারার টেস্ট গড় ৫৪.৮৫।

টেন্ডুলকারের জন্য এই মাঠ তো আরও পয়মন্ত। ২০০৪ সালে এখানেই তিনি সোয়া ১০ ঘণ্টা ব্যাটিংয়ে খেলেছিলেন ২৪১ রানের স্মরণীয় ইনিংস। এই মাঠে ৫ টেস্ট খেলে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিতে তার রান ৭৮৫, গড় ১৫৭!

ফটকের নামফলকে দুজনের পরিসংখ্যানও খোদাই করা আছে।


-জ/অ
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft