মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে ‘চিরকুট’
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৩:৩১ পিএম

বাংলা বর্ষবরণ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রাকে ‘শিরক কাজ’ উল্লেখ করে এই আয়োজনে হামলা হতে পারে বলে একটি চিরকুট দেয়া হয়েছে। 

শোভাযাত্রা আয়োজক কমিটির সদস্য আবতাহী রহমান এই চিরকুট পেয়েছেন জানিয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মঙ্গলবার এ জিডি দায়ের হয়েছে।

বুধবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ‘গতকাল রাতে মঙ্গল শোভাযাত্রা আয়োজক কমিটির এক সদস্য একটি চিরকুট পেয়েছেন উল্লেখ করে জিডির আবেদন করেন। আমরা আবেদনটি গ্রহণ করেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এই জিডির বিষয়টি খতিয়ে দেখতে শাহবাগ থানার এসআই (নিরস্ত্র) আল আমিনকে দায়িত্ব দেয়া হয়েছে।

আবতাহী রহমান জিডির আবেদনে উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে অর্থ ও নিরাপত্তা কমিটির দায়িত্ব পালনে ১১ এপ্রিল রাত ৯টা ৪৫ মিনিটের দিকে চারুকলার পশ্চিম পাশের দেয়ালে রঙের কাজ তদারকির সময় প্লাস্টিক চেয়ারের ওপর একটি সাদা কাগজ ও পঞ্চাশ টাকার নোট পাই। ওই কাগজে লেখা ছিল ‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের, এখানে এসে ক্ষতি করো না তোমাদের, হামলা হতে পারে অ্যানি টাইম ওই দিনের, দাজ্জালিবাহিনী পাবে না টের মোদের।’

পরবর্তীতে এ বিষয়ে চারুকলা অনুষদ ও প্রক্টরিয়াল টিমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশে জিডির আবেদন করেছেন বলে এতে উল্লেখ করেন আবতাহী।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, ‘একটা উড়ো চিরকুট এসেছে। মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দেয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।’

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলা বর্ষবরণ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft