প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৩:২৮ পিএম

রাশিয়া পূর্ণ মাত্রায় সামরিক আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেনে বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যা ৮ হাজার ৫০০-এর কাছাকাছি পৌঁছেছে।
এতে আহত হয়েছে ১৪ হাজারের বেশি। যদিও বাস্তব সংখ্যা সম্ভবত এর চেয়ে অনেক বেশি বলে জানিয়েছে জাতিসংঘ।
বুধবার (১২ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ওএইচসিএইচআর বিশ্বাস করে যে প্রকৃত সংখ্যা এই সংখ্যার চেয়ে অনেক বেশি। কারণ, কিছু স্থানে সংঘাত অব্যাহত থাকায়, সেসব স্থান থেকে তথ্য পেতে দেরি হয়েছে এবং অনেক প্রতিবেদন এখনো প্রমাণের অপেক্ষায় রয়েছে।
উদাহরণ হিসেবে মারিউপোল, লিসিচানস্ক, পোপাসনা, সিয়েভিরোডতেস্কের কথা উল্লেখ করা যায়। ওই সব অঞ্চলে বহুসংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, এপ্রিলের প্রথম ৯ দিনে ৪৪ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। এদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই “ব্যাপক এলাকায় প্রভাব ফেলতে সক্ষম বিস্ফোরক অস্ত্র” ব্যবহারের কারণে নিহত হয়েছেন।
এদিকে ইউক্রেন ও রাশিয়া শত শত যুদ্ধবন্দী বিনিময় করেছে। উভয় দেশ থেকে মুক্তি পাওয়া কিছু সৈন্যের অবস্থা খারাপ বলে জানা গেছে। তাদের চিকিৎসা এবং যত্নের প্রয়োজন হবে বলে জানানো হয়।
কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন সাম্প্রতিক বন্দী বিনিময়কালে ২০০ জনের বেশি সৈন্যকে বিনিময় করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ১০৬ জন সৈন্যকে ইউক্রেনের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
জ/আ