সারের দাম বাড়লেও অন্যান্য খাতে সহায়তা দিয়ে ক্ষতি পুষিয়ে দেবে সরকার: কৃষিমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৫:৩৬ পিএম

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আশ্বাস দিয়ে বলেছেন, সারের দাম বাড়লেও কৃষকদের অন্যান্য খাতে সহায়তা দিয়ে ক্ষতি পুষিয়ে দেয়া হবে।
 
মঙ্গলবার (১১ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন। মন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সারের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার।  
 
ড. রাজ্জাক বলেন, ‘আমি চাইনা কোনোভাবেই সারের দাম বাড়ুক। কিন্তু অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে এমন অবস্থানে ছিল যে, দাম বাড়াতেই হবে। প্রধানমন্ত্রীও বলেছিলেন সারের দাম না বাড়াতে, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অনুরোধে শেষ পর্যন্ত বাড়াতেই হলো।’
 
তবে দাম বাড়লেও কৃষককে অন্যভাবে সহায়তার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, ‘সারের দাম বাড়ানোর কারণে কৃষকের ওপর চাপ পড়বে, তবে উৎপাদন কমবে না। আমরা চাইব বীজ দিয়ে বা অন্যভাবে কৃষকের ক্ষতি পুষিয়ে দিতে।’
 
কৃষিমন্ত্রীর দাবি, দাম যা বেড়েছে এটা বৈশ্বিক সারের মূল্যবৃদ্ধির তুলনায় অনেক কম। এখনও সরকার সারে বিপুল অঙ্কের টাকা ভর্তুকি দিচ্ছে। বৈশ্বিক দাম কমে এলে, সারের দাম সমন্বয় করা হবে বলে জানান তিনি।
 
বোরো ধানের আগ পর্যন্ত সারের চাহিদা বেশি থাকে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বোরো মৌসুম শেষে সারের চাহিদা কমে আসবে, তাই দামে খুব সমস্যা হবে না।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft