প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৮:৪২ পিএম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেপ্তারের তিন ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মুক্তাদিরের আইনজীবীরা জামিনের কাগজপত্র নিয়ে থানায় গেলে পুলিশ তাকে ছেড়ে দেয়।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যে মামলায় মুক্তাদিরকে গ্রেপ্তার করা হয়েছিল তাতে তিনি জামিনে রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের পর আইনজীবীরা সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে থানায় আসলে যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
শনিবার বিকাল ৩টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে থেকে মুক্তাদিরকে গ্রেপ্তার করে পুলিশ। মুক্তাদির বিমানে ঢাকা থেকে সিলেট গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
বিকালে অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস জানিয়েছিলেন, ২০১৮ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপি নেতা মুক্তাদিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাই তাকে পুলিশ গ্রেপ্তার করা হয়।
গত নির্বাচনে সিলেট-১ (সদর-নগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের বিরুদ্ধে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মুক্তাদির।
বিএনপি নেতাদের দাবি, শনিবারের অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মুক্তাদির সিলেটে আসছিলেন। পুলিশি বাধার মুখে নগরীর তিনটি পয়েন্টে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি।
অবশ্য পুলিশ বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিএনপিকে উন্মুক্ত স্থানের বদলে কোনো কমিউনিটি সেন্টার বা ইনডোরে কর্মসূচি পালনের পরামর্শ দেওয়া হয়েছে।