প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৭:১১ পিএম

নাটোরে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় পন্ড হয়ে গেছে। এসময় হামলায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারি গুরুতর আহত হয়েছেন। এসময় তাকে রক্তাক্ত জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শনিবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে সামনে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম আবুল ব্যাপারি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি প্রস্তুতি চলছিল।
এসময় শহরের মুসলিম ইন্সিটিটিউট চত্বর থেকে শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল বহরসহ লাঠিসোটা নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে হামলা ও ভাঙচুর শুরু করে।
এসময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম আবুল ব্যপারি গুরুতর রক্তাক্ত জখম হয়।
পরে মোটরসাইকেলটি ভাঙচুর করে। পরে বিএনপির নেতা আবুলকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম মালেক শেখ বলেন, গত ১ এপ্রিল বিএনপি জামাত চক্র নাটোরে আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর গুলি চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হামলার ভিডিও ভাইরাল হয়েছে। তাই আমরা আর বিএনপিকে নাটোরে কোনো কর্মসূচি পালন করতে দিবো না।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, পুলিশ আগে থেকেই শহরের আলাইপুর এলাকায় অবস্থান নিয়েছিল। উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করা হয়েছে। বিএনপি কর্মসূচি পালন করেনি। বিচ্ছিন্ন ঘটনায় বিএনপির একজন আহত হয়েছে। আমরা তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।
জ/আ