বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনাটি ‘রহস্যজনক’: মির্জা ফখরুল
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৭:২৬ পিএম

বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনাটি ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ইতোপূর্বে এ ধরনের যত ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত কিংবা সুনির্দিষ্ট প্রতিকার হয়নি। এ সরকারের আমলে মানুষের জানমালের কোনো মূল্য নেই। একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও সরকার তা রোধ করতে পারছে না।’

মঙ্গলবার (৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠীর উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহিহীনতার কারণে এ ধরণের মর্মস্পর্শী ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে- যা কোনোক্রমেই কাম্য হতে পারে না।’

বিবৃতিতে বঙ্গবাজারে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ ও সহানুভুতি প্রকাশ করেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে ঈদের পূর্বে দোকান ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ হারানো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডসহ সব অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

এদিকে আরেক বিবৃতিতে নাটোরে অসংখ্য নেতাকর্মীর নামে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদর থানা সাধারণ সম্পাদক আবুল হোসেন এবং নাটোর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস জহির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে ‘বাড়িতে বাড়িতে পুলিশি অভিযান বন্ধ’ ও ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান নিষ্ঠুর আওয়ামী সরকার মানবতাবোধ, সহমর্মিতা, বিবেক সবকিছুই বিসর্জন দিয়েছে। ক্ষমতার দাপট এবং ক্ষমতালোভ আওয়ামী সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে।’


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft