প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৫:২০ পিএম

২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ আউশ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উফশী আউশ ও পাট আবাদে সহায়তার জন্য বিনামূল্যে ৭ হাজার ৫৫০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন-সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় সার চাইতে গিয়ে কৃষকদের গুলি খেয়ে প্রাণ দিতে হয় না।
সার, বীজ, কীটনাশক, ট্রাক্টর, রিপার মেশিন সহ সব কৃষি উপকরণ কৃষকের দোরগোড়ায় পৌঁছে যায়। আপনাদের সবারই মনে আছে যে, বিএনপি সরকারের সময় সার আনতে গিয়ে পুলিশের গুলিতে অনেক কৃষক প্রাণ হারিয়েছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রকৃত অর্থেই কৃষিবান্ধব সরকার বিধায় আজ ধান, পাট, ফলমূল, শাকসবজি এবং রবি শস্যের বাম্পার ফলন হচ্ছে। খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজম আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু প্রমূখ।
অনুষ্ঠানে ৭ হাজার ২’শ ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং ৩’শ জন কৃষককে এক কেজি করে পাট বীজ দেয়া হয়।
জ/আ