প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৭:৪০ পিএম

জীবনযাত্রার ব্যয় নিয়ে সংবাদের জন্য নয়, মূলত শিশুকে অপব্যবহারের কারণে দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদের প্রতিবাদ জানিয়ে শনিবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেপ্তার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদে বলা হচ্ছে যে, জীবনযাত্রার মান নিয়ে প্রতিবেদন লেখার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে; এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কারণ ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে চাইল্ড অ্যাবিউজ ও এক্সপ্লয়টেশনের (শিশু নির্যাতন ও শিশুর অপব্যবহার) জন্য।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জীবনযাত্রার ব্যয় নিয়ে বাংলাদেশে প্রতিদিন প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কিন্তু এখন পর্যন্ত এ ধরনের প্রতিবেদন লেখার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
‘ওই সাংবাদিক ৯ বছরের একটি শিশুকে ১০ টাকা দিয়েছিলেন এবং তারপর সেই শিশুটির নামে নিজের মতামত প্রকাশ করেছিলেন বলে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি অবশ্যই চাইল্ড অ্যাবিউজ ও এক্সপ্লয়েটেশন।
দ্বিতীয়ত বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে তিনি বাংলাদেশের স্বাধীনতাকে খাটো করে দেখার চেষ্টা করেছেন; এই ধরনের কার্যকলাপও অবশ্যই অপরাধযোগ্য শাস্তি।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ সরকার তার সকল নাগরিক ও গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রতারণামূলক কাজের মাধ্যমে সামাজিক অস্থিরতা তৈরি করা সৎ সাংবাদিকতার পরিপন্থী।