প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৯:১৪ পিএম আপডেট: ৩১.০৩.২০২৩ ৯:১৭ পিএম

রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ফতুল্লা ও কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২২ লাখ টাকা জরিমানা করেছে। বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী সামগ্রী উৎপাদন মজুদ ও বাজারজাত করে আসছিল।
শুক্রবার (৩১ মার্চ) র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবার ও আজ যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ফতুল্লা ও কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসময় নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে জান্নাতুল মার্কেটিং কোম্পানিকে নগদ ৩ লাখ টাকা, সন্স কসমেটিক্সকে ২ লাখ টাকা, নিপা মেটাল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে ১ লাখ ৫০ হাজার টাকা, রংধনু ক্যাবলসকে ২ লাখ টাকা, পাওয়ার ক্যাবলসকে ৫০ হাজার টাকা, এনার্জি মেটাল ওয়ার্ক্সকে ৩ লাখ টাকা, ফরহাদ ইলেকট্রনিক্স লিমিটেডকে ৫ লাখ টাকা ও পলক ক্যালসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া আনুমানিক ১ লাখ টাকা মূল্যের নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী জব্দ ও ধ্বংস করা হয়েছে।
জ/আ