প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৬:১১ পিএম

সৌদি আরবে ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে একজনের বাড়ি যশোর সদরের বসুন্দিয়া ঘুণি মাঠপাড়া গ্রামে।
তার নাম নজরুল ইসলাম ওরফে নাজমুল হোসেন (২৮)। তার মৃত্যুর খবরে এখন গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের আসির প্রদেশে বাসটি খাদে পড়ে আগুন ধরে ২৪ জন নিহত হন।
নিহত নজরুল ইসলাম ওরফে নাজমুল হোসেনের বড়ভাই কামরুল হোসেন বলেন, এক বছর ২৬ দিন আগে নাজমুল সৌদিআরব যায়। সৌদিআরবের আভা খামিজ নামে একটি এলাকায় সে একটি রেস্টুরেন্টে কাজ করতো।
গত সোমবার (২৭ মার্চ) রোজার মাসের বিশেষ ছুটিতে নাজমুল ওমরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় নাজমুল মারা যান। তার মৃত্যুর খবর পৌছালে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকজন। ছেলে হারিয়ে পাগলপ্রায় নাজমুলের মা। গোটা বাড়িতে চলছে শোকের মাতম।
নিহতের স্বজনরা আরো জানান, সৌদিআরবে থাকা আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে মরদেহ আনার চেষ্টা করা হবে। তবে এ ক্ষেত্রে সরকারি সহায়তার দাবি জানান তারা।
যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, নিহতের স্বজনদের প্রতি আমাদের সমবেদনা। তারা যদি আমাদের কাছে কোনও সহযোগিতা চান, আমরা তা পূরণে চেষ্টা করবো।
জ/আ