প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৬:০৮ পিএম আপডেট: ২৯.০৩.২০২৩ ৬:০৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আদীব আলী এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন-চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সন্তোষপুরের জার্জিস কালু মেকারের ছেলে ইব্রাহিম বাবু, মজিবুর রহমানের ছেলে রাসেল আলী ও লুৎফর রহমানের ছেলে হাসানুজ্জামান টমাস।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৩ মার্চ র্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর বটতলা গ্রামীণ ব্যাংকের সামনে অভিযান চালায়।
এসময় ইব্রাহিম বাবু, রাসেল আলী ও হাসানুজ্জামান টমাসের কাছে থাকা ১০টি প্যাকেটে মোট ১ কেজি ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৫ এর এসআই মাহমুদুল হাসান পরে দিন ১৪ মার্চ ৪ জনকে আসামী করে গোমস্তাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার এসআই বজলুর রশীদ প্রথমে ২০১৯ সালের ২৭ এপ্রিল ও পরে সোহেল রানা ২০২২ সালের ৩ এপ্রিল আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড ও একজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন। আসামীদের উপস্থিতে এই দন্ড প্রদান করা হয়।
জ/আ