প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৫:৫৫ পিএম

চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়ন পরিষদে দায়িত্ব থাকা অবস্থায় সচিব জাকের আহমদকে মারধরের ঘটনায় পাঁচ ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৬ মার্চ স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাদেরকে বরখাস্ত করা হয়। তবে মঙ্গলবার (২১ মার্চ) চিঠি পৌঁছে ইউনিয়নে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪ (৪) (খ)(ঘ) ধারায় তাদেরকে বরখাস্ত করা হয়।
একইসাথে অভিযুক্তদের কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে জবাব পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া পাঁচ ইউপি সদস্য হলেন-পুকুরিয়ার ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনির উদ্দীন, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ আহমদ, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ফারুকুজ্জামান এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মামুনুর রশিদ।
প্রসঙ্গত, গত বছরের ২৩ নভেম্বর দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদের সচিব জাকের আহমদের কক্ষে ইউপি সদস্য আমজাদ হোসেনের নেতৃত্বে প্রবেশ করে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে পরদিন বাঁশখালী ইউপি সচিব সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জড়িতদের শাস্তি দাবি করে স্মারকলিপি দেয়া হয়।
জ/আ