
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
ওয়ানডে ক্রিকেটেই এটি বাংলাদেশর সর্বোচ্চ সংগ্রহ। এর আগে সর্বোচ্চ ছিলো ৩৩৮ রান। আজ টাইগারদের পক্ষে মুশফিক ৬০ বলে ১০০ রান করেন। এছাড়া লিটন ও শান্ত করেন যথাক্রমে ৭০ ও ৭৩ রান।
সোমবার (২০ মার্চ) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। সিরিজ ঠেকাতে আজকের ম্যাচটিতে আয়ারল্যান্ডকে জিততে হবে।
আগে ব্যাটিং করতে নেমে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর সত্তর ছাড়ানো দুই ইনিংসের পাওয়া ভিতে আবারও জ্বলে উঠলেন মুশফিকুর রহিম আর তাহহিদ হৃদয়। স্লগ ওভারে আইরিশ বোলারদের এলোমেলো করতে থাকলেন তারা।
মুশফিক পরে সবটা আলো কেড়ে নিয়েছেন নিজের দিকে। চার-ছক্কার তাণ্ডবে খেললেন বিস্ফোরক ইনিংস। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। আগের ম্যাচে গড়া নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙে ফেলল বাংলাদেশ।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান করেছে বাংলাদেশ। ঠিক আগের ম্যাচে করা ৩৩৮ রান পড়ে গেল পেছনে। বাংলাদেশকে চূড়ায় তুলে ৬০ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন মুশফিক। এটিই ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বলে করা শতক।
এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করে রেকর্ডটা এতদিন ছিল সাকিব আল হাসানের দখলে। মুশফিকের বিস্ফোরণের দিনে এদিন ফিফটি করেছেন আরও দুজন। লিটন ৭১ বলে করেন ৭০ রান। শান্তর ব্যাট থেকে আসে ৭৭ বলে ৭৩। হৃদয় ৩৪ বলে খেলেন ৪৯ রানের ইনিংস।
নিজেদের ওয়ানডে ইতিহাসে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানের জয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে দিয়েই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছে তামিম ইকবালের দল।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। বেশ কিছুদিন ধরে গড়পড়তা বোলিং করে আসা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান জায়গা হারিয়েছেন। তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে তরুণ ডানহাতি পেসার হাসান মাহমুদকে।
আয়ারল্যান্ডের একাদশেও একটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন লেগ স্পিনার গ্যারেথ ডেলানি। তার জায়গায় একাদশে জায়গা হয়েছে বাঁহাতি স্পিনার ম্যাথু হাম্ফ্রেইস। এই ম্যাচ দিয়ে আয়ারল্যান্ড দলে অভিষেক হচ্ছে তার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, ইয়াসির আলী রাব্বি, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ডি ব্যালবার্নি (অধিনায়ক), ম্যাথু হাম্ফ্রেইস, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), স্টিফেন ডোহেনি, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক এডেয়ার ও গ্রাহাম হিউম।
জ/আ