প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৪:০৩ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ২০০৬ সাল থেকে। বয়সভিত্তিক বা ঘরোয়া ক্রিকেটের হিসাব করলে সময়টা আরও লম্বা। দীর্ঘ এই সময়ে ক্রিকেটেই প্রায় সব মনোযোগ দিয়ে রেখেছেন সাকিব আল হাসান।
তবে সঙ্গে লেখাপড়াটাও চলেছে অনিয়মিতভাবে। বেশ দেরিতে হলেও অবশেষে বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার এখন গ্র্যাজুয়েট। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে বিবিএ (স্নাতক) সম্পন্ন করেছেন সাকিব।
৩৬ বছর বয়সে স্নাতক সম্পন্ন করলেন বাংলাদেশ প্রাণ ভোমরা। বয়স যতোই চলুক, ক্রিকেটের সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের পাশাপাশি লেখাপড়ায় এটা তো বড় অর্জনই তার জন্য! সেই অর্জনের উদযাপনে সাকিব শামিল হয়েছেন। এআইইউবি- এর ঢাকার ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তনে রোববার অংশ নিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
সাকিব বলেন, যখন আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা বড় দেখবেন। লক্ষ্য নির্ধারণ করে সততার সঙ্গে কাজ করবেন, আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে। আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব।
তবে এটার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে ১৪ বছর। সেই ২০০৯-১০ সেশনে এই বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয়েছিলেন সাকিব। ক্রিকেটের মাঠে দাপুটে পথচলার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার পথে সেভাবে এগোতে পারেননি। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে তিনি বিবিএ সম্পন্ন করলেন।
জ/আ