প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ২:০১ পিএম

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার জামাদারপুকুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হাসানাত এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম সাব্বির হোসেন। তিনি শাজাহানপুর উপজেলার সোনাকানিয়া গ্রামের বাসিন্দা। সাব্বির নন্দীগ্রামে কোয়ালিটি ফিড কোম্পানিতে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী মনির হোসেন বলেন, সকাল ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন সাব্বির। বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুরের জামাদারপুকুর এলাকায় এলে মালবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাব্বির মারা যান। পরে স্থানীয়রা ট্রাকটিকে জব্দ করে।
এসআই আবুল হাসানাত জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জ/আ