প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ১:৫০ পিএম

একুয়েডর ও পেরুর উত্তরাঞ্চলকে নাড়িয়ে দেয়া শক্তিশালী একটি ভূমিকম্পে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবারের এই দুর্যোগে কয়েক ডজন বাড়িঘর, স্কুল ও স্বাস্থ্য কেন্দ্রের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পটির কেন্দ্র ছিল গায়াজ প্রদেশের বালাও শহর থেকে ১০ কিলোমিটার দূরে; গভীরতা ছিল ৬৬ দশমিক ৪ কিলোমিটার।
ভূমিকম্পটির কারণে সুনামি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যায়নি, বলেছে কর্তৃপক্ষ।
সকালে হওয়া ভূমিকম্পের ক্ষয়ক্ষতি যাচাইয়ে আমরা এলাকায় আছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি আপনাদের সঙ্গে আছি, ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করছি,” এক টুইটে এমনটাই বলেছেন একুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো।
ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু এবং ৩৮০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিষয়ক সংস্থা।
হতাহতদের বেশিরভাগই এল ওরো প্রদেশের, বলেছে তারা।
জ/আ