প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৭ পিএম

বগুড়ায় পাঁচ বছরের শিশু রোমান হোসেন হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ফাঁসির আসামিদের ৫০ হাজার এবং যাবজ্জীবন দণ্ডিত আসামির ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আব্দুল খালেক ও আব্দুল মাজেদ। যাবজ্জীবন দণ্ডিত আসামির নাম আব্দুর রাজ্জাক। আসামিরা বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর দক্ষিণ পাড়া ও ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের বাসিন্দা।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক থাকলেও যাবজ্জীবন দণ্ডিত আসামি আব্দুর রাজ্জাক রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি জহুরুল ইসলাম (২)।
তিনি বলেন, রোমানের পরিবারের সঙ্গে আব্দুল খালেক ও আব্দুল মাজেদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এসবের প্রতিশোধ নিতে তারা শিশু রোমানকে হত্যার পরিকল্পনা করেন তারা। পরিকল্পনা অনুযায়ী তারা এ কাজের জন্য আব্দুর রাজ্জাককে ৮ হাজার টাকা দেন।
২০১১ সালের ২৩ আগস্ট সন্ধ্যার দিকে খালেক ও মাজেদ মিলে রোমানকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ওই শিশুকে এলাকার এক প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর গুম করে রাখেন।
পরে ২৮ আগস্ট রোমানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই হত্যার ঘটনায় নিহত রোমানের বাবা মাহবুবুর রহমান শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ এক যুগ পর সোমবার এই রায় ঘোষণা করেন বগুড়ার আদালত।