
কুমিল্লার দাউদকান্দিতে ধর্মের অবমাননার অভিযোগে বিক্ষোভের মধ্যে এক স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে উপজেলার নৈয়ার ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান এ তথ্য জানান।
বরখাস্ত প্রীতম সরকার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সাধারণ বিজ্ঞান) এবং উপজেলোর বিটেস্বর ইউনিয়নের বরকোটা গ্রামের মনোরঞ্জন সরকারের ছেলে।
স্থানীয়রা বলেন, সোমবার দুপুরে নৈয়ার ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠ এবং নৈয়ার বাজারে অভিভাবক, এলাকাবাসী স্কুলের মাঠে ওই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
বিক্ষোভকারীরা জানান, প্রীতম স্যার তার ফেসবুকে আল্লাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। তিনদিন আগে করা মন্তব্যটি জানাজানি হলে ছাত্র ও এলাকাবাসী সবাই প্রীতম সরকারের শাস্তির দাবিতে সোমবার বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী স্কুলমাঠে উপস্থিত হন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান উপস্থিত হয়ে প্রীতম সরকারকে সাময়িক বরখাস্ত করার ঘোষণা দিলে বিক্ষোভ স্থগিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান বলেন, সমসাময়িক অসদাচরণ, ধর্মীয় অনুভুতিতে আঘাতজনিত কারণ ও চাকরি বিধি বহির্ভূত কর্মকান্ডের কারণে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে বরখাস্ত করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন তাঁর ফেসবুকে ভিডিও বার্তায় সবাইকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করেন।
বরাত দিয়ে ভিডিও বার্তায় তিনি বলেন, নৈয়ার স্কুলের শিক্ষক প্রীতম সরকারের ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয়। যে ব্যাক্তি হ্যাক করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের খুজে বের করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সহ আমরা ঘটনাস্থলে আছি। শিক্ষক প্রীতম সরকারকে জনরোষ থেকে রক্ষা করতে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
জ/আ