প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৭ পিএম

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার ১৯ জন বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৩ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (১২ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশিষ্ট ব্যক্তিরা হলেন- খালেদা মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর), হাজী মো. মজিবর রহমান, মাসুদ আলী খান, শিমুল ইউসুফ, মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম, ফজল-এ-খোদা (মরণোত্তর), জয়ন্ত চট্টোপাধ্যায়, নওয়াজীশ আলী খান, কনক চাঁপা চাকমা, মমতাজ উদ্দীন (মরণোত্তর), মো. শাহ আলমগীর (মরণোত্তর), ড. মো. আবদুল মজিদ, প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর), মো. সাইদুল হক, অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণোত্তর), আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) ও ড. মনিরুজ্জামান (মরণোত্তর)।
প্রতিষ্ঠান দুইটি হলো- বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।
উল্লেখ্য, একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে একুশে পদক প্রদান করা হচ্ছে। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সালে এই পদকের প্রচলন করা হয়। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান ১৯৭৬ সালে একুশে পদক প্রবর্তন করেন।
জ/আ