প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৪ পিএম

আগামী ১৮ ফেব্রুয়ারি দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন।
রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে এই কর্মসূচির ঘোষণা দেন খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, আটা, তেল, লবণসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যের প্রতিবাদ, বেগম খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তি, সংসদ বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে দেশের সব মহানগরে আগামী ১৮ ফেব্রুয়ারি পদযাত্রা ঘোষণা করছি।
তিনি আরও বলেন, বিএনপি সহ যারা যুগপৎ আন্দোলন করছে সবাই আগামী ১৮ ফেব্রুয়ারি এই পদযাত্রা কর্মসূচি পালন করবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পদযাত্রা পৃথকভাবে পালন করা হবে।
এরপর বিকেল ৩টার দিকে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়। রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাতরাস্তা মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা কর্মসূচি।
জ/আ