প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪৯ পিএম আপডেট: ১০.০২.২০২৩ ২:৫৩ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে সরকার।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় তিনি এ তথ্য জানান।
ওবায়দুল কাদের আরও বলেন, আমরা বিএনপিকে প্রথম থেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে প্রতিযোগিতা চেয়েছি। আমাদেরকে তারা বরাবরই শত্রুপক্ষ মনে করে আসছে।
তিনি বলেন, বিএনপি এক বছর ধরে প্রকাশ্যে মাঠে আসছে, তারা অনেক বড় বড় কথা বলেছেন। আমরা সন্ত্রাসের আশঙ্কায় শান্তি সমাবেশ করছি। যতক্ষণ বিএনপি আন্দোলন করবে আমরা শান্তি সমাবেশ করব। তারা নয়াপল্টনে করে আমরা উত্তরা, ১০ ডিসেম্বর তারা রাজধানীতে করেছে আমরা সাভারে করেছি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী ১১ মার্চ ময়মনসিংহে ও ১৮ মার্চ বরিশালে বিভাগীয় মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাড. আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আরও অনেকে।