প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৬ পিএম

ফেনীর দাগনভূঞা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ এবং সেই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।
পুলিশ দেলোওয়ারকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে ফেনীর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন (৩০) উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের জসিম উদ্দিন দুলালের ছেলে।দেলোয়ার উত্তর আলীপুরের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন মাতুভূঞা ইউপির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
সোমবার সন্ধ্যায় ওই গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, বছর চারেক আগে দেলোয়ার এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও কৌশলে ভিডিও ধারণ করেন।
সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া ও দুই সন্তানসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে চার বছর ধরে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে আসছিলেন দেলোয়ার। নানা অজুহাতে বেশ কয়েকবার ওই যুবলীগ নেতা গৃহবধূকে মারধরও করেন। সন্তানদের কথা চিন্তা করে ওই গৃহবধূ বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন।
এরমধ্যে দুই মাস আগে তার স্বামী দেশে ফিরে আসেন। এরপরও যুবলীগ নেতার উৎপাত না কমায় বাধ্য হয়ে তিনি স্বামীর কাছে বিষয়টি জানান।
গৃহবধূর স্বামী জানায়, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হলে এতে দেলোয়ার ক্ষিপ্ত হন। পরে ওই গৃহবধূ বাদী হয়ে মামলা করেন।
মাতুভূঞা ইউপির চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি ভুক্তভোগীর পরিবার তাকে জানিয়েছেন। সত্যতা পাওয়া গেলে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানায়, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
জ/আ