রাজধানীর ৭ জায়গায় বিএনপি ও সমমনা দলের সমাবেশ কাল
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫৯ পিএম

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলের জোটগুলো আগামীকাল (শনিবার ৪ ফেব্রুয়ারি) ঢাকার সাত জায়গায় সমাবেশ করবে। এসব সমাবেশ থেকে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে দলগুলো।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় শুরু হবে তাদের সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে, ১২ দলীয় জোট বিজয় নগর পানির ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন প্রীতম ভবনের উল্টো দিকের সড়কে এবং গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবের পশ্চিম দিকে সমাবেশ করবে। সকাল ১১টায় এসব সমাবেশ শুরু হবে।

এ ছাড়া গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে মতিঝিলে নটরডেম কলেজের উল্টো দিকের সড়কে বিকেল ৪টায় এবং এফডিসির কাছে এলডিপি বিকেল ৩টায় সমাবেশ করবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবিতে আমাদের যুগপৎ এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। দুপুর ২টায় আমরা এই সমাবেশের কার্যক্রম শুরু করব।’

গত ১০ ডিসেম্বর বিএনপি সরকার পদত্যাগের ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা করে। এরপর গণমিছিল, গণ-অবস্থান, বিক্ষোভ সমাবেশের কর্মসূচি করেছে বিএনপিসহ সমমনা জোটগুলো।

বিএনপির দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ঢাকাসহ ৯ বিভাগে সমাবেশ করা হবে। কুমিল্লায় (টাউন হল ময়দান) খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহীতে (সোনা মসজিদ মোড়) মির্জা আব্বাস, খুলনায় (সিটি করপোরেশনের সামনে সোসাইটি মোড়) গয়েশ্বর চন্দ্র রায়, বরিশালে (জেলা স্কুল মাঠ) আবদুল মঈন খান, চট্টগ্রামে (মহানগর বিএনপি অফিসের সামনে) নজরুল ইসলাম খান, ময়মনসিংহে (পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ) আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিলেটে (রেজিস্ট্রার মাঠ) সেলিমা রহমান, ফরিদপুরে (কমলপুর হাইস্কুল মাঠ) বরকত উল্লাহ বুলু, রংপুরে (মহানগর বিএনপি অফিসের সামনে) মোহাম্মদ শাহজাহান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

দপ্তর কর্মকর্তারা জানান, প্রতিটি বিভাগে সমাবেশের প্রস্তুতি কাজ শেষ পর্যায়ে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft