আদালতে শিশুর কান্না, তালাকপ্রাপ্ত দম্পতির আবার বিয়ে
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৮ পিএম

রাজশাহী মহানগর হাকিম আদালতে মামলার শুনানিতে এসে আবার বিয়ে করেছেন তালাক হয়ে যাওয়া স্বামী-স্ত্রী।

বৃহস্পতিবার মহানগর হাকিম আদালত-২ এ এই দম্পতির বিয়ে হয়।মহানগর হাকিম মাসুদুজ্জামানের মধ্যস্থতায় এজলাশেই এই বিয়ের আয়োজন করা হয়।  
 
রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর হাকিম আদালত-২ এ একটি যৌতুকের মামলায় জামিন শুনানিকালে মায়ের কোলে শিশুর কান্না বিচারক মাসুদুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করে।

বাদীর কাঠগড়ায় ৬ মাস বয়সী শিশুটিকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন তার ১৮/১৯ বছর বয়সী মা। আসামীর কাঠগড়ায় ছিলেন শিশুর ২২/২৩ বছর বয়সী বাবা।  

আদালত সংশ্লিষ্টরা জানান, রাজশাহী মহানগরীর কাটাখালি থানার সমসাদিপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে শিমুল পারভেজের সঙ্গে একই গ্রামের স্বপন আলীর মেয়ে জান্নাত ফেরদৌস মিতুর বিয়ে হয় এক বছর আট মাস আগে। এরপর সামান্য ভুল বোঝাবুঝিতে আসামি বাদীনিকে তালাক দেন। ইতোমধ্যে তালাক কার্যকর হয়ে যায়।

জামিন শুনানিকালে বাদীনির চোখে পানি এবং আসামিকে মাথা নিচু করে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বাদী ও আসামির পক্ষে-বিপক্ষে আইনজীবীদের বক্তব্য চলতে থাকলেও আদালতের দৃষ্টি ছিল শিশুটির দিকে।

শুনানির এক পর্যায়ে বিচারক মাসুদুজ্জামান জানতে চান শিশুটির ভবিষ্যতের দিকে তাকিয়ে বাদী এবং আসামি এক হতে চায় কিনা।

তখন বাদীনি এবং আসামি কিছু দোষ-ত্রুটি উল্লেখ করেন আদালতের সামনে। আদালত মন দিয়ে তাদের কথা শোনার পর বর্তমান সামাজের প্রেক্ষাপটে কিছু উপদেশ দেন। এক পর্যায়ে বাদী এবং আসামি আদালতের মধ্যস্থতায় নতুনভাবে সংসারে ফিরতে রাজি হন।

এরপর দুপুর ১টার পর এই আদালতের এজলাস কক্ষে হাজির হন মেয়ের পক্ষের অভিভাবক, ছেলের পক্ষের অভিভাবক, রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী, বাদী ও আসামি আইনজীবী, বিভিন্ন আদালতের কর্মচারী ও বিচারপ্রার্থীরা।

সর্বশেষ হাজির হন রাজশাহী মহানগর ৪ নম্বর ওয়ার্ডের কাজী মো. জহিরুল ইসলাম।

রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী জানান, আদালত কক্ষের ভিতরেই ১ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে ইসলামি শরীয়ত মোতাবেক ছেলে ও মেয়েকে বিয়ে পড়ানো হয়। বিয়ের পরেই আদালত অঙ্গনে শুরু হয় মিষ্টি বিতরণ। এসময় উৎসুক জনতা বিবাহিত দম্পতিদের দেখতে আদালতে ভিড় করতে থাকেন। অনেকেই তাদের স্বাগত জানান।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আদালত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft