প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪২ পিএম

গত বছর ১৮ ডিসেম্বর রুদ্ধশ্বাস বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তুলেছিল আর্জেন্টিনা। ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিল মেসি ও তাঁর দল। কাতার বিশ্বকাপে স্বপ্নপূরণ হয়েছে লিওনেল মেসির।
লিওনেল মেসি বয়স এখন ৩৫ বছর। ২০২৬ বিশ্বকাপ যখন মাঠে গড়াবে, তখন লিওনেল মেসির বয়স বেড়ে হবে ৩৯ বছর। ওই বয়সে পেশাদার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার নজির বিরল। তবে ফিট ও ফুটবল উপভোগ করতে থাকলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে অনুষ্ঠেয় আসরে দেখা যেতে পারে তাকে।
নিজ দেশের গণমাধ্যম দিয়ারিও ওলেকে শুক্রবার মেসি বলেছেন, আমার বয়সের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলা কঠিন হবে। আমি ফুটবল খেলতে অনেক ভালোবাসি। যতদিন আমার ফিটনেস ভালো থাকে ততদিন আমি ফুটবল খেলা চালিয়ে যাব। পরের বিশ্বকাপ আসতে এখনো আরও অনেক সময় বাকি। আমার ক্যারিয়ার কেমন যাচ্ছে সেটার ওপর সবকিছু নির্ভর করছে।'
মেসির এমন মন্তব্যে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির ভীষণ খুশি হওয়ার কথা। কারণ তিনি খুব করে চাইছেন যেন তার প্রিয় শিষ্য ২০২৬ বিশ্বকাপেও খেলেন।
গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছলেন, 'আমার মনে হয়, মেসি পরের বিশ্বকাপে খেলতে পারবে। সে কী চায় এবং সময়ের সঙ্গে সঙ্গে কী ঘটে সেটার ওপর সবকিছু নির্ভর করছে। তার জন্য দরজা সব সময় খোলা থাকবে।'
উল্লেখ্য, লিওনেল মেসি টানা চারবার সহ মোট সাতবার ব্যালন ডি'অর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। এর পাশাপাশি তিনি সর্বোচ্চ ছয়বার ইউরোপীয় সোনালী জুতো জয়েরও কৃতিত্ব অর্জন করেছেন।
তাঁর পেশাদার ফুটবল জীবনের পুরোটাই কেটেছে বার্সেলোনায়। যেখানে তিনি ১০টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ৬টি কোপা দেল রেসহ মোট ৩৩টি শিরোপা জয় করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে কোন খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ।
জ/আ