প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫১ এএম আপডেট: ০৩.০২.২০২৩ ১২:২৬ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ের আয়োজন করায় ৪৫ বছরের মো. আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই বাল্যবিয়ে বন্ধ ও জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন-বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীর আরাফাত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন-বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীর আরাফাত বলেন, ‘বর ও কনের পরিবার চট্রগ্রামে ভাড়া বাসায় থাকতেন। তারা গোপনে বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন হয়েছে।এই সংবাদ পেয়ে দ্রুত বিয়ে বাড়িতে হাজির হই। ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।’
তিনি বলেন, ‘ঘটনার সত্যতা পেয়ে বরকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আসামিকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি আদালত মেয়ের বাবা বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিয়ে করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।’
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বাল্যবিয়ে হচ্ছে এমন তথ্য পেলেই অভিযান পরিচালনা করা হচ্ছে। উপস্থিত সবাইকে বাল্যবিয়ের কুফল ও এর আইনগত ব্যবস্থা সম্পর্কে সচেতন করা হয়। বাল্যবিয়ে প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।’
জ/আ