প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৪:৫৯ পিএম আপডেট: ২৬.১১.২০২২ ৬:১০ পিএম

শিক্ষা ক্ষেত্রে পাহাড়ের শিক্ষার্থীরা আগের চেয়ে এগিয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ‘বর্তমান সরকারের আন্তরিকতায় পাহাড়ের দূর্গম এলাকার অবহেলিত সকলেই এখন শিক্ষার ছোঁয়া পাচ্ছে।’
শুক্রবার (২৫ নভেম্বর) ম্রো আবাসিক উচ্চবিদ্যালয় এর ৪২ বছর পূর্তিতে প্রথম পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, ‘আজ পাহাড়ে পাহাড়ি-বাঙালির মধ্যে কোনও পার্থক্য নেই। সকলে এখানে মিলেমিশে আছে। এই আন্তরিকতার সম্পর্ক আগের চেয়ে অনেকাংশেই বেড়েছে।’
অনুষ্ঠানে ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ৪২ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পূনর্মিলনী ১৯৮০-২০২২ এর স্মরণিকা “মাইতং” (মশাল) এর উন্মোচন করা হয়।
এর আগে মন্ত্রী বীর বাহাদুর ১ কোটি টাকা ব্যয়ে ম্রো আবাসিক বিদ্যালয়ের হোস্টেল ভবন নির্মাণ, ৯৯ লাখ টাকা ব্যয়ে কারিগরি ভবন নির্মাণ, ৪০ লাখ টাকা ব্যয়ে হলরুম নির্মাণ ও ৪০ লাখ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর গেইট ও মাঠ উন্নয়ন কাজ এর উদ্বোধন করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর বান্দরবান ইউনিট উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন করছে।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নিখিল চাকমা, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পিপিএম, পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো, লক্ষীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।