প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন কিম, একসঙ্গে দেখলেন ক্ষেপণাস্ত্র পরীক্ষা
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ১:৫৭ পিএম আপডেট: ১৯.১১.২০২২ ২:০২ পিএম

গোপনীয়তার জন্য উত্তর কোরিয়ার নাম ডাক আছে। অনেক সময় দেশটির নেতা কিম জং উন নিজেই গা ঢাকা দেন। গা ঢাকা দেওয়ায় অভ্যস্ত এই নেতা এবার তার মেয়েকে এই প্রথম গোটা বিশ্ববাসীর কাছে হাজির করলেন। মেয়ের হাত ধরে একসঙ্গে দেখলেন ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

বাবা-মেয়ের সেই ছবি প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে পড়ে যায় হইচই।

শুক্রবার (১৮ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’শেয়ার করা ছবিতে দেখা যায়, বাবা কিম জং উনের সঙ্গে সাদা জ্যাকেট পরে সামনের দিকে তাকিয়ে আছে মেয়ে। অন্যদিকে বাদামি লেদারের জ্যাকেট পড়েছিলেন কিম।

একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের তত্ত্বাবধান করার সময় কিমের সঙ্গে তার মেয়ে ছিল। তবে মেয়ের নাম প্রকাশ করা হয়নি।

সংস্থাটি দাবি করেছে, উত্তর কোরিয়া শুক্রবার পিয়ংইয়ং আন্তর্জাতিক এয়ারফিল্ড থেকে একটি ‘নতুন ধরনের’ (পরমাণুক্ষমতা সম্পন্ন) আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যা ৯৯৯ দশমিক ২ কিলোমিটার (৬২১ মাইল) দূরত্ব অতিক্রম করেছে।

নিক্ষেপের ঠিক আগে ক্ষেপণাস্ত্রটিকে দেখতে কিম মেয়েকে নিয়ে গিয়েছিলেন বলেই দাবি করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, এভাবে মেয়েকে প্রকাশ্যে নিয়ে আসার মধ্যে দিয়ে আমেরিকাকে বার্তা দিয়েছেন কিম। তাঁর পরবর্তী প্রজন্ম যে তৈরি, সেটাই দেখিয়েছেন তিনি।

উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিমের ব্যক্তিগত জীবন প্রথম থেকেই রহস্যে মোড়া। তাঁর সন্তান সম্পর্কে নানা মত রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাংশের দাবি, মোট ৩টি সন্তান রয়েছে কিমের। এর মধ্যে মেয়েকে এই প্রথমবার দুনিয়ার সামনে আনলেন তিনি। তবে উত্তর কোরিয়ায় সরকারি সংবাদ মাধ্যমের তরফে কিমের মেয়ের নাম প্রকাশ করা হয়নি। কয়েকদিন আগেই প্রাক্তন মার্কিন বাসকেটবল খেলোয়াড় ডেনিস রোডম্যান দাবি করেন, কিম-কন্যার নাম জু-এ।

উল্লেখ্য, গত বছর উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন তিনি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft