ভয়ংকর রাতের হাতিরঝিল, অভিজ্ঞতার শিকার তরুণ-তরুণী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১২:৫৮ পিএম

রাজধানীর হাতিরঝিলে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তরুণ-তরুণীকে হয়রানি করার অভিযোগ উঠেছে। তাদের কাছ থেকে লুট করা হয়েছে মোবাইল ফোনসহ নগদ অর্থ। গতকাল (বুধবার ১৬ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় তরুণ-তরুণী যুগল হাতিরঝিল দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ভবনের পাশে একটি রেস্তোরাঁর সামনে এলে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৬-৭ তরুণ তাদের গতিরোধ করে। কোনো কিছু বুঝে উঠার আগেই তরুণ-তরুণীকে মারধর করে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয় ওই যুবকরা। শুধু তাই নয়, তরুণীকে করা হয় যৌন হয়রানিও। এসব কিছুই হয়েছে হাতিরঝিলের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের সামনে। সেখানে ছিলেন রেস্তোরাঁর ব্যবস্থাপকও।

অভিযুক্তদের চেনেন কি না? কিংবা চোখের সামনে এতকিছু ঘটলেও কেন এগিয়ে আসেননি। সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তারা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তরুণ-তরুণীকে সঙ্গে নিয়ে জড়িতদের ধরতে হাতিরঝিল ও আশপাশের এলাকায় অভিযান চালায় তারা। ছিনতাইয়ের ঘটনার পর চেকপোস্টগুলোতে দেখা যায় পুলিশের তৎপরতা।

কাউকে আটক করতে না পেরে ঘণ্টা দেড়েক পর থানায় নিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ নেয় হাতিরঝিল থানা পুলিশ।

হাতিরঝিল থানার উপপরিদর্শক মিনহাজুল ইসলাম বলেন, আমরা ভুক্তভোগীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগতভাবে যা যা করণীয় তাই আমরা করবো।

জানা যায়, ভুক্তভোগী তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি রাজধানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আর তরুণীর বাড়ি সিলেটে। ঢাকায় খালার বাসায় বেড়াতে এসেছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, রাতের হাতিরঝিলে প্রায়ই ঘটছে এমন ছিনতাই ও পথচারীদের হয়রানি করার ঘটনা।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft