ওঠানে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১২:২৮ পিএম আপডেট: ১০.০৮.২০২২ ১:১১ পিএম

ফেনীর সোনাগাজী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী ফারজানা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চর ডুব্বা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর ডুব্বা এলাকার সাহাব উদ্দিনের মেয়ে।

শিশুর বাবা সাহাব উদ্দিন বলেন, মঙ্গলবার বিকেলে তাঁর স্ত্রী ঘরে কাজ করছিলেন। তখন শিশুটি ঘরের সামনে বাড়ির ওঠানে খেলা করছিল। এ সময় মায়ের অজান্তে শিশুটি ঘরের পাশে পুকুরে চলে যায়। কাজ শেষে সাড়াশব্দ না পেয়ে তাকে আশপাশে খুঁজতে থাকেন। শিশুটিকে কোথাও না পেয়ে পরিবারের লোকজন ঘরের পাশের পুকুরে যায়। এ সময় বাড়ির অপর একজন লোক শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আবদুল কুদ্দুস বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক হিরন তাঁর ইউনিয়নের চর ডুব্বা এলাকায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তিনি সবাইকে পুকুরে পড়ে মৃত্যু রোধে শিশুদের প্রতি যত্নশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন দাইয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft